স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল : দলের হাই কমান্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাহাড়ে চলছে তিপরা মথার সন্ত্রাস। দলের হাই কমান্ড প্রদ্যোত কিশোর দেববর্মণ বারবারই দাবী করছেন জনজাতি হয়ে যেন জনজাতিকে আক্রমণ না করে। কিন্তু কে শোনে কার কথা? নিয়ন্ত্রণ বিহীন হয়ে গেছে দলের কর্মী সমর্থক থেকে শুরু করে কার্যকর্তারা। নিজেদের মধ্যেই থানসা নেই, সেটা আবারও প্রমাণ করলো বিজয় মিছিলের মধ্য দিয়ে।
এবার তিপরা মথা বিজয় মিছিল নামে করে এক ব্যবসায়ির প্রতিষ্ঠানে তান্ডব চালায় বলে অভিযোগ বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এডিসি নির্বাচনে জয়লাভের পর বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার মথার এক বিজয় মিছিল আয়োজন করে। বিজয় মিছিল থেকে আচমকায় সড়কের পাশে বিজেপি কর্মী জয়ন্ত দেববর্মার হোটেলে তাণ্ডব চালায় তিপরা মথার দুষ্কৃতিকারীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। অভিযুক্ত দুষ্কৃতিকারী বাহিনী শুধু হোটেলে নয়, পরে ভাঙচুর চালায় জয়ন্ত দেববর্মার বাড়িতেও। এলাকায় যদি থাকতে হয় তাহলে মথায় যোগদান করতে হবে এমনটাই হুশিয়ারি দিলেন উগ্র বাহিনী। অন্যথায় এই হোটেল পুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেয়। নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মীরা।

