স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ : কোনভাবেই দুর্ঘটনার রেশ টানতে পারছে না প্রশাসন। বাগমা এবং কলাছড়ায় দুটি দুর্ঘটনায় আহত একাধিক। ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাস এবং মারুতির মধ্যে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। ঘটনা উদয়পুর মহকুমা বাগমা এলাকায়। একটি বাস ও অপর একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।
আহতদের দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এদিকে, সংঘর্ষের সঙ্গে সঙ্গেই একটি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় মারুতি গাড়িটি এবং বাসটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এদিকে কচুছড়া বাজার এলাকায় অটো উল্টে দুই যুবক গুরুতর আহত হয়। মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে চারটার দিকে কচুছড়া বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। TR 04 B 4211 নম্বরের অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অটোতে থাকা দুই যুবক গুরুতরভাবে আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় অটোটি দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারানোর ফলে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনায় অটোর চালক সহ আরও একজন যাত্রী মারাত্মক আঘাত পান। আহতরা হলো দীপক নমঃশূদ্র ও চিরঞ্জিত নমঃশূদ্র। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা ও পুলিশ কর্মীরা। এলাকাবাসীর তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে প্রথমে সালেমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের কুলাই জেলা হাসপাতালে রেফার করেন।

