ইমফল, ২৪ মাৰ্চ (হি.স.) : মণিপুরে আজ ফের গুলি চালিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা। রাজ্যের পার্বত্য জেলাগুলিতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে সহিংসতা। সোমবার বিকালে উখরুল জেলার মংকট চেপু গ্রামে অসামরিক নাগরিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণের ফলে এক নাবালিকা ও এক নাবালক গুলিবিদ্ধ হয়েছিল। আজ কামজং জেলার অন্তর্গত শারকাফুং গ্রামে সংঘটিত ঘটনায় দুজন যথাক্ৰমে রিঙ্গ্যুই রামরর (২২) এবং রাইচান লুংলেং (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন।
রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কামজং জেলার শারকাফুং গ্রামের কাছে সশস্ত্র দুষ্কৃতীদের গুলিচালনায় তাংখুল নাগা সম্প্রদায়ভুক্ত দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁদের পায়ে ও পায়ের পাতায় গুলি বিদ্ধ হয়েছে। আহতদের চিকিৎসার জন্য উখরুল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনই তাংখুল নাগা সম্প্রদায়ভুক্ত।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশের সূত্ৰটি বলেছে,প্রতিবেশী উখরুল জেলার মংকোট চেপু এলাকা গুলিচালনা হতে পারে মংকোট চেপু এলাকাটি শারকাফুং থেকে প্রায় এক কিলোমিটার দূরে।
প্রসঙ্গত, এই এলাকা উখরুল জেলার লিতান সারেইখোং এলাকার কাছে। ওই জায়গায় গত ফেব্রুয়ারি মাসে কুকি ও তাংখুল নাগা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে ৩০-এর বেশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল।
সাম্প্রতিককালে সংঘটিত ঘটনার পর তাংখুল নাগা ফুটহিলস অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের অভিযোগ, সাসপেনশন অব অপারেশনস্ চুক্তির আওতাধীন কুকি জঙ্গিরাই এই গুলিচালনার সঙ্গে জড়িত।
তাঁরা জানান, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর অভাবে অনেক এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করছে। সংগঠনটি শারকাফুং ও নিকটবর্তী থোয়ি গ্রামে অবিলম্বে সরকারি হস্তক্ষেপ ও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।

