স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ : রাজধানীর মহারাজগঞ্জ বাজার লালমাটিয়া বিপনী বিতান থেকে সাতসকালে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ ভট্টাচার্য। মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মৃত ব্যক্তির পরিবারের লোকজন। মৃত ব্যক্তির স্ত্রী জানান ওনার স্বামী রামকৃষ্ণ ভট্টাচার্য ওনার সাথে থাকতো না।
দেড় বছর হবে সে শ্বশুর বাড়ি থেকে চলে আসে। আগে সে শ্বশুর বাড়িতে থাকত। শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর থেকে সে ভাইয়ের বাড়িতে থাকত। কোন কোন সময় মহারাজগঞ্জ বাজারের লাল মাটিয়া বিপণি বিতানে রাত্রি যাপন করত। তার সাথে স্ত্রীর কোন যোগাযোগ ছিল না। সে স্ত্রীকে মারধর করতো তাই তিনি বাপের বাড়িতে চলে যান। মৃত রামকৃষ্ণ ভট্টাচার্যর স্ত্রী আরও জানান তার স্বামীর স্বভাব ভালো ছিল না। বিনা কারনে মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে যেত। তার সন্দেহ তার স্বামী নেশা বাণিজ্যের সাথে জড়িয়ে গিয়েছিল। ওনার আরও সন্দেহ তার স্বামীকে হত্যা করা হয়েছে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ।
পরবর্তী সময় খোদ পশ্চিম জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর ও ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

