Friday, March 13, 2026
বাড়িরাজ্য২০ নং ওয়ার্ডে পানীয় জল নিয়ে ব্যতিব্যস্ত স্মার্ট সিটির জনগণ

২০ নং ওয়ার্ডে পানীয় জল নিয়ে ব্যতিব্যস্ত স্মার্ট সিটির জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :পানীয় জল নিয়ে ব্যতিব্যস্ত স্মার্ট সিটির জনগণ। ডি ডব্লিউ এস -এর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অবশেষে ওয়ার্ড অফিসে গিয়ে অভিযোগ করছে জনগণ। জনগণের অভিযোগে আধিকারিকদের সঙ্গে নিয়ে মাঠে নামতে বাধ্য হলেন নিগমের কাউন্সিলর।

কারণ জনগণের দাবি এবং সমস্যার কথা শুনে চুপ বসে থাকা মুশকিল। কারণ সবকিছু ঠিক থাকলে আর কয়েক মাস পরেই আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামলেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্বীকার করেছেন ওয়ার্ড অফিসে গত কয়েকদিন আগে জনগণ অভিযোগ করেছে কুড়ি নং ওয়ার্ডের অন্তর্গত খোশবাগান কালীবাড়ি এলাকা, গ্যান্ডিয়োজ ক্লাব এলাকা সহ একাধিক এলাকায় নিয়মিত জল মিলছে না। তারা স্থানীয় জলের অফিস সহ বহু জায়গায় অভিযোগ জানানোর পরেও কেউ কর্ণপাত করছেন না।

পানীয় জলের এই সমস্যা এই এলাকাগুলি মধ্যে দেখা দিয়েছে , তা দীর্ঘদিনের। বর্তমান সরকার এবং নিগমের অন্যতম প্রতিশ্রুতি হল পানীয় জল বন্দোবস্ত করা। মানুষ যখন ধারাবাহিকভাবে এই অভিযোগ তুলছিলেন তখন ডি ডব্লিউ এস-এর ইঞ্জিনিয়ার সহ নিগমের কর্তা বাবুদের নিয়ে পরিদর্শনে গেলেন রত্না দত্ত। শুক্রবার পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন যে সমস্ত এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সেসব এলাকায় খুব দ্রুত কাজ সম্পন্ন করে পানীয় জলের বন্দোবস্ত করা হবে। তবে এলাকায় কান পাতলে শোনা যায় শুধুমাত্র মুখে প্রতিশ্রুতি নয়, যেন প্রতিশ্রুতি কার্যকরী হয়। অপরদিকে আগরতলা শহরের দক্ষিণাঞ্চলে পানীয় জলের ব্যাপক সমস্যা বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসে বিভিন্ন এলাকা থেকে। নিয়মিত পানীয় জল মিলছে না বলে দপ্তরের অফিসে অভিযোগ জানাতে যায় জনগণ। এই সমস্যা কবে দূর হবে সেটা নিগম এবং  সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ভালো বলতে পারবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য