স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :রাজ্যে যখন ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চলছে, সে সময় এক মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা এক যুবকের। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরে থানায় মামলা দায়ের করেন মহিলার পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে আটক করেছে ওই যুবককে।ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শুকুর আলী বেশ কিছুদিন ধরে প্রতিবেশী মহিলার উপর কুনজর দিয়ে আসছিল।
বেশ কয়েকদিন ধরে সে ওই মহিলাকে কুপ্রস্তাব দিতে থাকে বলে অভিযোগ মহিলার। কিন্তু তিন সন্তানের জননী তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে মহিলাকে ঝাপটে ধরে। তখন মহিলা চিৎকার করলে সে মহিলার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। ফলে গুরুতর আহত হয় ঐ মহিলা। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা জড়ো হলে শুকুর আলী পালিয়ে যায়। মহিলার আরো অভিযোগ, অভিযুক্ত নাকি বলেছেন থানা পুলিশ তার পকেটে থাকে। দীর্ঘদিন ধরে অভিযুক্ত এলাকায় এ ধরনের কার্যকলাপ সংঘটিত করে আসছে। শুধু তাই নয় রাতের বেলা সে চুরির ঘটনা সংঘটিত করে। তার উপযুক্ত শাস্তির দাবি করেন মহিলা। পরে মহিলা চুরাইবাড়ি থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ জানায় উক্ত যুবকের নামে। পুলিশও ঘটনার তদন্ত নেমে অভিযুক্তকে জালে তুলেছে।

