স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : গত ২২শে জানুয়ারি অনুষ্ঠিত নবম ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেল উদয়পুর ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুগ্ধ সাহা।
উদয়পুরের খিলপাড়া আমতলা এলাকার বাসিন্দা মুগ্ধ সাহা। পিতা মাধব চন্দ্র সাহা। ২০ ও ২১ জানুয়ারি দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়ে অনুষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয় সে। এরপর ২২ জানুয়ারি মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পায়। অনুষ্ঠানে মুগ্ধ সাহা প্রধানমন্ত্রীকে ত্রিপুরার ঐতিহ্যবাহী মাতাবাড়ি মন্দিরের দেবী ত্রিপুরা সুন্দরী-র একটি ছবি উপহার হিসেবে তুলে দেয়। এই আন্তরিক উপহার প্রধানমন্ত্রী বিশেষভাবে প্রশংসা করেন। ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

