স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ভ্যালেন্টাইন্স ডে -র দিন থেকে নিখোঁজ তরুণী গৃহবধূ। দিশেহারা পরিবারের লোকজন। ঘটনা রাজধানীর আনন্দ নগরে। গৃহবধূর নাম দেবিকা বর্মন। স্বামীর নাম সঞ্জয় বর্মন। ঘটনার বিবরণে জানা যায়, সন্তানকে বাড়িতে রেখে জেরক্স করার কথা বলে বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ এক গৃহবধূ। তিনদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত সন্ধান পায় নি পরিবারের লোকজন।
পরিবারের লোকজনদের দাবি, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ওই গৃহবধূ বাড়ি থেকে বের হয়। শাশুড়িকে জানান, ডকুমেন্ট জেরক্স করতে যাচ্ছেন। কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেননি। তিনদিন পার হয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও ব্যর্থ হয়েছেন গৃহবধূর শাশুড়ি এবং স্বামী। গৃহবধূর শাশুড়ি জানান দীর্ঘ রাত পর্যন্ত তার পুত্রবধূ ফোনে কথা বলতেন। কার সঙ্গে কথা বলতেন সে বিষয়ে কোন কিছু জানায়নি পরিবারের লোকজনদের। এলাকার কণিকা নামে এক মেয়ের সঙ্গে চলাফেরা করতেন। কণিকা নামে সেই মেয়েটি পর্যন্ত এখন বলছে এ বিষয়ে কোন কিছু জানে না সে। শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখন দেখার, কত দ্রুত নিখোঁজ গৃহবধূর সন্ধান পায় পুলিশ। পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি— দ্রুত তদন্ত করে তাকে নিরাপদে ফিরিয়ে আনা হোক।

