স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ত্রিপুরা শাখার ৫৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, কাজের গুণগতমান নিম্নমানের হলে সেটা নিয়ে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে সমালোচনার মুখে পড়তে হয় না। সমালোচনার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। কারণ ইঞ্জিনিয়ার পর্দার আড়ালে থাকেন। তাই পরিকাঠামো শক্ত হলেই চ্যালেঞ্জ করতে পারে সরকার।
ত্রিপুরার বহু ইঞ্জিনিয়ার দুবাইয়ে দায়িত্ব পালন করছেন। তাই গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে হবে ইঞ্জিনিয়ারদের। ইঞ্জিনিয়াররা চাইলে উন্নয়নমূলক কোনো কাজ করতে পারে না, এমন হতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন আগের পরিবেশের সঙ্গে বর্তমান পরিবেশের অনেক তফাৎ রয়েছে। মানুষ চায় সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে। মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারের সমালোচনা করে বলেন, আগে সংগঠনের নেতা নির্ধারণ করে দিত দলীয় কার্যালয়। সেই নিয়ম বন্ধ হয়ে গেছে বর্তমান সরকারের আমলে। সংগঠনের কর্মীরা সিদ্ধান্ত নেবেন কারা সংগঠনের নেতৃত্ব হবেন। কাজের উপর ভিত্তি করে সংগঠন চলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, ইঞ্জিনিয়ারদের মাঠে ময়দানে আরো বেশি করে কাজ করতে হবে।
তাহলে আগামী দিন ইঞ্জিনিয়ারদের নিয়ে আরো বেশি গর্ববোধ করতে পারবে সরকার। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আমরা এখন আর ডিজিটাল যুগেও নেই। এ.আই যুগে এসে গেছে সকলে। ঘরের ভেতর বসে থেকে ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।

