স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :১৯৭১ সালের ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য স্বীকৃতি লাভ করে। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে পূর্ণ রাজ্য দিবস হিসেবে উদযাপন করা হয়ে আসছে। একই সঙ্গে উত্তর-পূর্বের মনিপুর ও মেঘালয় ও পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়। বুধবার লোক ভবনে ত্রিপুরা রাজ্যের পাশাপাশি মনিপুর এবং মেঘালয়ের পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ভারত আমার দেশ, আমার সংস্কৃতি, আমিও এই দেশের উন্নয়নের অঙ্গ। আমারও দায়িত্ব রয়েছে। দেশের প্রতিটি নাগরিকের মধ্যে এ ধরনের ভাবনার সঞ্চার হতে হবে। এই ধরনের সদ ভাবনা সঞ্চারিত করার জন্য এখন থেকে লোক ভবনে অনুষ্ঠান করা হবে। রাজ্যপাল এদিন তার বক্তব্যে ত্রিপুরা মনিপুর মেঘালয়ের পূর্ণ রাজ্য সৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলপুর মহকুমার নজরুল ভবনে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপিত হয়। তথ্য সংস্কৃতি দপ্তর ও কমলপুর নগর পঞ্চায়েত এই অনুষ্ঠানের উদ্যোক্তা। এদিন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাজ্যের উদীয়মান সংগীত শিল্পী স্মিতা দাস।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ আরো অনেকেই। এদিকে এদিন খোয়াই মহকুমার নতুন টাউন হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস। খোয়াই জেলা উপজাতি কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের উদ্যোক্তা। এদিন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কল্যানপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা প্রমুখ। এদিন গোমতী জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে উদয়পুর মহকুমার রাজর্ষি কলা ক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, জেলাশাসক রিঙ্কু লাথের সহ আরো অনেকেই। বিলোনিয়া মহকুমার শচীন দেব বর্মন অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় এদিন। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত সহ আরো অনেকেই। সব মিলিয়ে বলা যেতে পারে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপনের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দিনটি এদিন পালন করা হলো যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়েই।

