স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়িতে ক্রেসার মেশিনের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। খবরের শিরোনাম দেখতে পেয়ে মুখ্যমন্ত্রী দুদিন সফরে গিয়ে রবিবার চুরাইবাড়ি পরিদর্শনে যান। স্বচক্ষে সমস্ত কিছু প্রত্যক্ষ করে খবরের সততা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রথমে প্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে যান। সেখানে গিয়ে প্রয়াত বিশ্ববন্ধু সেনের পরিবার পরিজনদের সাথে কথা বলেন। তাদেরকে সমবেদনা জানান। তারপর মুখ্যমন্ত্রী যান চুরাইবাড়ি সেইলটেক্স গেইটে অবস্থিত এম.বি.আই অফিসে। কথা বলেন অফিসের কর্মীদের সাথে।
তারপর মুখ্যমন্ত্রী চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্ট পরিদর্শন করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি ক্রেসার মেশিন ঘুরে দেখার পর উওর জেলার পদ্মপুর স্থিত বিজেপি-র জেলা কার্যালয়ে যান। জেলা কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে বৈঠক করেন। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান সামনে এডিসি নির্বাচন। এডিসি নির্বাচনের রূপ রেখা নিয়ে এইদিন উত্তর জেলার নেতৃত্বদের সাথে আলোচনা হয়েছে। সময় কম। আত্মতুষ্টির কোন জায়গা নেই। বিজেপি কাজকর্ম বৃদ্ধি করলে সাধারন মানুষের আরও বেশি উপকার হবে। এডিসি-র ২৮ টি আসনে যেন বিজেপি জয়ী হয় সেই দিশায় দল কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান বিগত এডিসি নির্বাচনে বিজেপি ১১ টি আসনে সরাসরি লড়াই করেছিল। তার মধ্যে ৯ টি আসনে বিজেপি জয়ী হয়েছে। বিজেপি বর্তমানে যেই ভাবে কাজ করছে তাতে এইবার ২৮ টি আসনে জয় নিয়ে তিনি আশাবাদী।চুড়াইবাড়ি সেইলটেক্স গেইটে অবস্থিত এম.বি.আই অফিস ও ক্রেসার মেশিন পরিদর্শন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে যে সকল বিষয় গুলি উঠে এসেছে তার বাস্তবতা তিনি নিজের চোখে প্রত্যক্ষ করেছেন। পাথর বোঝাই গাড়ি ওভার লোড নিয়ে আসার বিষয়টি তিনি নিজের চোখে দেখেছেন। চুরাইবাড়ি সেইলটেক্স গেইটে অবস্থিত এম.বি.আই অফিসের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
ক্রেসার মেশিনের মাধ্যমে দূষণের বিষয়টি তিনি প্রত্যক্ষ করে জেলা শাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। ফটিকরায়ের সায়দার পাড়ের ঘটনা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি ঘটনার বিষয়ে জানার সাথে সাথে মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাসের সাথে কথা বলেছেন। ঊনকোটি জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছেন। দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান এই ঘটনার সাথে জড়িত তিন জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস, ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ সহ অনান্যরা।

