স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : জম্পুইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজের বাসিন্দা সহিদ মিয়ার স্মার্ট মিটারে বিল এসেছে ৯২ হাজার টাকা। তিনি পেশায় চা বিক্রেতা। কষ্ট করে দিন যাপন করছেন। পরিবারের তিন বেলার ভরণ পোষণ গ্রহণ করতে হিমসিম খাচ্ছেন। চা বিক্রেতা সহিদ মিয়ার পরিবারের কাছ থেকে জানা যায় স্মার্ট মিটার লাগানোর পর বিদ্যুৎ বিল এসেছে ৯২ হাজার ৬৫৬ টাকা। বিদ্যুৎ বিল দেখে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ক্ষুদ্র চা বিক্রেতা সহিদ মিয়া। তারা বিদ্যুৎ বিল মন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন বিষয়টি দেখার জন্য।
শহীদ মিয়া প্রমোদনগর বাজারে চা বিক্রি করেন। শহীদ মিয়া এবং ওনার ছেলে জানান গত কয়েকদিন আগে বিদ্যুৎ বিল পরিষ্কার করে দিয়ে এসেছিলেন। এরমধ্যেই দুটি বাল্ব এবং দুটি বিদ্যুতিক পাখার বিল এসেছে ৯২ হাজার টাকা। এত টাকা বিল তাদের পক্ষে মেটানো সম্ভব নয়। তারা বিদ্যুৎ নিগমে গেলে সমস্যার সুরাহা হচ্ছেনা। সরকার যদি এ বিষয়টি না দেখে তাহলে তাদের কাছে বিকল্প মরণ ছাড়া আর কোন রাস্তা নেই। এ ধরনের অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আরো একাধিকবার উঠে এসেছে। কিন্তু সরকার এবং দপ্তরের মন্ত্রী স্মার্ট মিটারের ঢাক পিটিয়ে চলেছে দিকে দিকে। যার বিদ্যুৎ বিল মানুষকে নাভিশ্বাস বলে দিচ্ছে বলে মনে করে অনেকে।

