স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি : চরম দায়িত্ব জ্ঞানহীনভাবে রাজধানীর জয়পুর উত্তর পাড়ায় সয়েল ট্রিটমেন্ট প্লান্টের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এই ট্রিটমেন্ট প্লান্টের পাশেই রয়েছে একটি বড় ড্রেইন। যা জয়পুর হয়ে বাংলাদেশ পর্যন্ত। প্রতি বছর কৃষি কাজের জন্য বাংলাদেশের দিকে এই ড্রেইন বন্ধ করে দেওয়া হয়। এর ফলে জয়পুর, রাজনগর এলাকার প্রায় ৫০০ পরিবারের ঘরে প্রবেশ করে এই ড্রেইনের জল। এই ভাবেই তারা নিজেদের মানিয়ে নিয়েছেন বহু বছর ধরে।তবে এলাকাবাসীর রাতের ঘুম কেড়ে নিয়েছে এবার নতুন ট্রিটমেন্ট প্লান্ট। এই ড্রেইটি ৯০ শতাংশ ভরাট করে দিয়েছে অভিযুক্ত ফ্লেট নির্মাণ কোম্পানি।
এলাকাবাসী দুইবার আপত্তি জানিয়েছে কিন্তু কোম্পানি কোনো পাত্তা না দিয়ে ড্রেইনটি প্রায় ৯০ শতাংশ বন্ধ করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী আজ ট্রিটমেন্ট প্লান্টের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে কোনরকম সুরাহা হয়নি। সংস্থার কর্মীরা নিজেদের কাজ বজায় রাখতে চাইছে। এলাকাবাসীর পক্ষ থেকে তাদের কাছে দাবি জানানো হয়েছে অবিলম্বে ড্রেনটি পরিষ্কার করার জন্য। কিন্তু এলাকাবাসীর কথার কোন কর্ণপাত করছে না সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বপ্রাপ্তরা। এলাকাবাসী আরো জানায় যদি শীত মরশুমে খাল ৯০% ভরাট হয়ে যায় তাহলে আগামী বর্ষার মরশুমে এলাকাবাসীর কি অবস্থা হবে সেটা বুঝে উঠতে পারছে না। কেউ কেউ মনে করছে যে কোন সময় অল্প বৃষ্টি হলেই তারা বাড়িঘরে থাকতে পারবে না। কারণ গলা পর্যন্ত জল হবে তাদের বাড়ির ঘরে। তাই এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয় শুক্রবার। তাদের দাবি ড্রেইন উন্মুক্ত করে দিয়ে কাজ শুরু করা হোক। না হলে তারা এলাকায় সংশ্লিষ্ট সংস্থাকে কাজ করতে দেবে না।

