স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। বিভিন্ন সাংগঠনিক বৈঠকে এ কথা শোনা যায় নেতৃত্বের মুখ থেকে। সেই আদর্শে অনুপ্রাণিত বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বর্তমানে বিধানসভার উপাধ্যক্ষ। সকলের কাছে তিনি রামু দা বলে পরিচিত। সাড়ে সাত বছর পর তিনি নিজে এলাকার জনগণের জন্য নয়, কার্যকর্তাদের জন্য চমক ভরা ঘোষণা দিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবী করলেন গত দুটি বিধানসভায় কার্যকর্তাদের জন্যই তিনি জয়ী হয়েছেন।
কিন্তু বিধায়ক বাবু এক প্রকার ভাবে ভুলেই গেছেন জনগণের ভোটে তিনি জয়ী হয়েছেন। কারণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন, কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে তিনি জয়ী হয়েছেন। কার্যকর্তারা সংগঠনের জন্য কাজ করেন। তারা জনগণের বিভিন্ন দাবি-দাওয়া এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে উনার সঙ্গে দেখা করতে আসেন। এতে করে কার্যকর্তাদের অর্থ ব্যয় হয়। তাই তিনি কার্যকর্তাদের জন্য এই অর্থ রাশি প্রদান করা দায়িত্ব বলে মনে করেন। আরো বলেন ক্ষমতা থাকলে সারা রাজ্যের কার্যকর্তাদের তিনি এভাবে ভাতা দিয়ে দিতেন। উল্লেখ্য, জনগণের পয়সায় বিধায়ক ভাতা গত সাড়ে সাত বছরে দুবার বৃদ্ধি পেয়েছে। এক লাফে অনেকটাই বৃদ্ধি হয়েছে বিধায়ক ভাতা থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভার সদস্যের ভাতা। এর মধ্যে রয়েছেন বিধায়ক রামপ্রসাদ পালও। এই ভাতা দিয়ে কার্যকর্তা দরদী বিধায়কের চমক বলে মনে করছে রাজনৈতিক মহল। যাইহোক চাইলে বিধায়ক এলাকার জনগণের উন্নয়নের স্বার্থেও বিলিয়ে দিতে পারতেন। কিন্তু এর থেকে বিরত থাকলে বিধায়ক রামপ্রসাদ পাল।

