স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর : বুধবার কমলপুর মহকুমার অপরেস্কর এ বি সি ইট ভাট্টায় চুল্লিতে আগুন দেওয়ার পর চুল্লি ফেটে হতাহত আটজন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের কাছে হাত লাগায় স্থানীয়রা। শেষ পর্যন্ত ড্রজার দিয়ে ভাঙ্গা চুল্লির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরা অগ্নি নির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স গিয়ে হাসপাতালে নিয়ে আসে। নিহত চারজনের মধ্যে দুইজন এলাকার বাসিন্দা। একজন ঝাড়খন্ডের শ্রমিক। অপর শ্রমিককে আহত অবস্থায় সরাসরি কুলাই নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় তার। বাকী আহতরা বহিরাজ্যের শ্রমিক। মৃতরা হলেন সুবল দেবনাথ, বয়স ৫৫ বছর, পিংকু শীল, বয়স ৩৭ বছর, অনিল গৌতম, বয়স ৪৯ বছর এবং সজল মালাকার। আহত চারজন হলেন বিধু শর্মা, সন্তোষ গুপ্তা, হারকিস চৌহান, হারকিস সরোজ। আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই ঘটনার শোক প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী লিখেছেন ঘটনাস্থলে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা টিম। যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি মুখ্যমন্ত্রী সমবেদনা জানান।
অপরদিকে আহতদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব প্রথমে হাসপাতালে এবং পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান। বিধায়ক জানান, ঘটনায় তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকিরা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিন জনকে জিবি হাসপাতালে রেফার করেন এবং দুজনকে কুলাই হাসপাতালে রেফার করেন। ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেন। এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা বলে জানান তিনি। এদিকে ধলাই জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস কমলপুর বি এস এম হাসপাতালে ছুটে যান। তিনি জানান পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে স্থানীয়দের দাবি কোনরকম ত্রুটি থাকার কারণেই এই ঘটনা সংঘটিত হয়েছে। সুষ্ঠু তদন্ত করলে অবশ্যই বের হয়ে আসবে।

