স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ডিসেম্বর : তেলিয়ামুড়া শহরে ঘটল এক অদ্ভুত চুরির ঘটনা। বৈদ্যুতিক গ্রিফট বা প্লাগ চুরি করে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়াল বিশালগড়ের পরিতোষ দেবনাথ নামের এক যুবক। শনিবার দিনভর তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে সাধারণ ত্রুটি ভেবে বিষয়টি এড়িয়ে গেলেও, পরে দেখা যায় একাধিক বৈদ্যুতিক খুঁটির গ্রিফ বা প্লাগ গায়েব।
এই গ্রিফট গুলোর মধ্যে থাকা পিতলের অংশ চুরি করতেই মূলত এই চেষ্টা চোরের, এমনটাই জানিয়েছে বিদ্যুৎ নিগম।অবশেষে রবিবার সকালে তেলিয়ামুড়া দশমীঘাট রাজনগর এলাকায় স্থানীয়রা পরিতোষ’কে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদ্যুতিক গিফট। তাকে উত্তম-মধ্যম দিয়ে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় ও বিদ্যুৎ নিগমে। পরে পুলিশ এসে অভিযুক্ত’কে হেফাজতে নেয়। এলাকাবাসীর দাবি, পরিতোষ একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা জোগাড় করতেই সে পিতলজাত ধাতব চুরির পথ বেছে নিয়েছে। চিনেমাটির তৈরি বৈদ্যুতিক গ্রিফটে থাকা পিতল বিক্রি করেই সে অর্থ উপার্জনের চেষ্টা করছিল বলে অনুমান।
এই ঘটনায় তেলিয়ামুড়া শহরে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিভিশন একের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন, শনিবার থেকে তেলিয়ামুড়া শহরে রহস্যজনকভাবে বেশ কয়েকটি জায়গায় বৈদ্যুতিক গ্ৰিফট গায়েব হয়ে যায়। ফলে বিষয়টি তাদের নজরে এসেছে, তবে আশ্চর্যের বিষয় শনিবার তেলিয়ামুড়া থানার সামনে থাকা বিশালাকারের বৈদ্যুতিক ট্রান্সফরমারের দুটি গ্ৰিফট গায়েব হয়ে গিয়েছিল। এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে’র গোচরেও বিষয়টি নিয়েছিল। অবশেষে রবিবার সাত সকালে পরিতোষ দেবনাথ নামের ওই যুবককে এলাকার সচেতন নাগরিক আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগম ওই যুবকের নামে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জমা দেবে বলেও জানিয়েছেন তিনি।চুরির ঘটনায় তেলিয়ামুড়া শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

