স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর : জিবি এবং আইজিএম হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন সময় রোগীর জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। একই সঙ্গে পরিষেবা দিতে গিয়েও হিমশিম খায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই এবার আগরতলা শহরের মধ্যে আরও একটি হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর মিলন কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন স্মার্ট সিটির মতো আগরতলা স্মার্ট সিটিতে এ ধরনের হাসপাতাল থাকলে শহরবাসীর জন্য স্বাস্থ্য পরিষেবায় বিশেষ সুবিধা হবে।
রাজধানীর জ্যাকসন গেইট স্থিত নির্মীয়মাণ সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। বেশ কয়েকমাস পূর্বে আগরতলায় জ্যাকসন গেইট এলাকায় সিভিল হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে সিভিল হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। শুক্রবার সিভিল হাসপাতালের নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন মেয়রম দিপক মজুমদার। নির্মীয়মাণ সিভিল হাসপাতাল পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার জানান আগরতলা সিভিল হাসপাতাল নির্মাণের কাজকর্ম সরজমিনে ঘুরে দেখেছেন। সাথে ছিল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। নির্মাণ কাজের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের সাথে কথা বলেছেন। মেয়র আশা ব্যক্ত করেন আগামী তিন মাসের মধ্যে সিভিল হাসপাতাল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। মূলত জিবি ও আইজিএম হাসপাতালের উপর চাপ কমাতে এই সিভিল হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

