স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ নভেম্বর : পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ওয়ান নট ইস্ট সভা অনুষ্ঠিত হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সমাবেশ করার সুযোগ পেয়েছেন ওয়ান নর্থ ইস্ট। এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব তথা তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নাড কে সাংমা সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে এদিনের জনসভা থেকে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, আগরতলায় কংগ্রেস, সিপিআইএম মিছিল করলে কারোর কোন আপত্তি হয় না। কিন্তু হুকুম্বারা দল সভা ও মিছিল করতে চাইলে এটা বাতিল করে দেওয়া হয়। কিন্তু থানসা আজ আগরতলায় শক্তি দেখিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আজ তিপ্রাসা একা নয়, তিপ্রাসার সঙ্গে নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ এবং সিকিম রয়েছে।
আগে যারা বলতো মুকুটহীন রাজা, বাটপার, দালাল-তুমি পাহাড়ি মানুষ, কি করতে পারবে? দিল্লি গেলেও বলতো পিংকু, চাইনিজ, মোমু- আজ তারা দেখে নাও পুরো উত্তর পূর্বাঞ্চল এক হয়েছে। আগে জনজাতিদের মধ্যে থানসা ছিল না। যার কারণে জাতিদের সব ক্ষেত্রে আলাদা করে দেওয়া হয়েছিল। আজ অর্থ না থাকলেও তিপ্রাসাদের সঙ্গে আছে গোটা উত্তর পূর্বাঞ্চল। আরো বলেন, আমরা আমাদের জমিতেই শেষ হয়ে গেছি এবং গরিব হয়ে গেছি। কিন্তু পরিবর্তন করতে হবে। আবার তিনিই মঞ্চ থেকে প্রাক্তন জঙ্গি নেতা বিজয় রাঙ্খল সহ কয়েকজনের নাম উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বললেন, তারা জাতির জন্য লড়াই করেছে।
তখন মোবাইল ফোন, শিক্ষা, গাড়ি, বাড়ি কিছুই ছিল না। আজ আমাদের কাছে শিক্ষা, গাড়ি, মোবাইল ফোন সবকিছু থাকার পরেও আমাদের মধ্যে থানসা নেই। থানসা না থাকলে আগামী দিন কিছু মিলবে না তিপ্রাসাদের। তিনি মঞ্চ থেকে এদিন ঘোষণা দিয়ে বলেন, আগামী দিন নর্থইস্ট থানসা ওয়ান করে ছাড়বো। এদিন প্রদ্যুৎ -এর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়নি আই.পি.এফ.টি -র কোন নেতৃত্ব। প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, একসাথে থাকলে পৃথক রাজ্য তিপরাল্যান্ডের দাবি পূরণ হবে। নাহলে এই দাবি পূরণ হবে না এবং একা লড়াই করলে একদিন শিব সেনা, আকালি দল, বোরো ল্যান্ড পিপলস পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের মতো মিশে যেতে হবে বলে জানান তিনি।

