স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর :গত কয়েকদিন ধরে মাফিয়া গোষ্ঠী বনাম এলাকাবাসীর মধ্যে লড়াই ঘিরে উত্তপ্ত বর্ডার গোল চক্কর এলাকা। রবিবার রাতে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় পৃথক দুইটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায় এলাকার এক ব্যবসায়ীর উপর অতিষ্ঠ হয়ে এলাকার কিছু লোক ঐ ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে। পাশাপাশি এলাকার দুই যুবক বাক যুদ্ধ থেকে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে।
এই নিয়ে এলাকায় দেখা দেয় উত্তেজনা। ঘটনার খবর পেয়ে রাতেই পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর এলাকায় ছুটে যায়। পাশাপাশি এলাকায় ছুটে যান এলাকার বিধায়ক দীপক মজুমদার। আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসে। রবিবার রাতের ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় দুইটি মামলা দায়ের হয়। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান রবিবার রাতে বর্ডার গোল চক্কর এলাকায় দুইটি ঘটনা ঘটেছে। একটি দোকান ভাংচুর করা হয়েছে। পাশাপাশি দুই যুবক নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়।
দুইটি ঘটনার জন্য দুইটি মামলা দায়ের হয়েছে পশ্চিম আগরতলা থানায়। তবে মারপিটের ঘটনায় কেউ হতাহত হয় নি। দুইটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও জানান বর্ডার গোল চক্কর এলাকায় যে ঘটনা ঘটেছে সেইটা জাতিগত ঘটনা নয়। তবে গুজব ছড়ানো হচ্ছে এইটা জাতিগত ঘটনা।রবিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে এখনো বর্ডার গোল চক্কর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তাই নতুন করে যেন সেখানে কোন ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে আরক্ষা কর্মী। এইদিকে পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া দুইটি মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা যায় এই ঘটনার আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারে।

