স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : সোনামুড়া মহকুমা মধুবন সেবা কেন্দ্র অঙ্গনওয়াড়ি সেন্টারের সহায়িকা শাসক দলের নেত্রী বলে দিনের পর দিন সেন্টারে না এসে সরকারি কাজকর্ম বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছেন। অথচ প্রতি মাসে বেতন গুনছেন তিনি। অঙ্গনওয়াড়ি সহায়িকার নাম সুমিতা আচার্যী, শাসক দলের ছত্রছায়ায় থেকে বড়ো বড়ো নেতৃত্বের সাথে উঠা বসা করেই সময় কাটান। তাই বলে নিজের দায়িত্ব পালনের কথা ভুলে গেছেন মধুবন অঙ্গনওয়ারী কেন্দ্রের এই সহায়িকা। যেখানে দিদিমনি একাই পড়ান, আবার মাঝে মাঝে রান্না করেন।
মাঝেমধ্যে দিদিমণিকে সহযোগিতা করেন এলাকাবাসী এবং অভিভাবকরা। দিদিমনি সিডিপিও -কে একাধিকবার জানানোর পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। গত মার্চ মাস থেকে এ ধরনের অনুপস্থিতি চলছে সহায়িকার। মাঝেমধ্যে সেন্টারে আসলেও তিনি অধিকাংশ সময়েই অনুপস্থিত থেকে চলেছেন। অথচ গত ৮ মাসেও কোন ধরনের পদক্ষেপ কিংবা দপ্তরের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি সহায়িকার বিরুদ্ধে। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকেও অভিযোগ করে জানান, এই সহায়িকার কারণে অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিষেবা দিন দিন ভেঙে পড়ছে। তিনি প্রতিনিয়ত অনুপস্থিত থাকছেন। এবং যখনই অঙ্গনওয়াড়ি সেন্টারে আসেন তখন ছাত্র-ছাত্রীদের অত্যন্ত নিম্নমানের খাবার প্রদান করেন। খিচুড়ির মধ্যে পাওয়া যায় পোকামাকড়। অন্যদিকে এলাকাবাসী এবং অভিবাবকদের সোজা সাপ্টা কথা এইভাবে আর কতদিন চলবে এই অঙ্গনওয়াড়ি সেন্টার? দিদিমনি নিজে পড়াবেন, নাকি হেল্পারের কাজ করবেন? দিনের পর দিন হাজিরা খাতায় এভসেন্ট লিখেই কাটাতে হচ্ছে, ব্যাঘাত ঘটছে শিশুদের প্রাথমিক স্তরের সঠিক শিক্ষায়।

