স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর :দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সম্প্রতি দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয়ের পড়ুয়ারা। সেই সময় আন্দোলনরত পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে বাইখোরা থানার পুলিস। এতে আহত হয় কম করে ১২ জন পড়ুয়া। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিভিন্ন ছাত্র সংগঠন।
রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে শুক্রবার দক্ষিণ জেলার পুলিস সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিস সুপারের নিকট ডেপুটেশান প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক প্রতিনিধি দল এইদিন দক্ষিণ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহ সম্পাদক রবি হালদার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ঘটনায় অভিযুক্ত পুলিস কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলার অতিরিক্ত পুলিস সুপারের নিকট দাবি জানানো হয়েছে। জাতে করে আক্রান্ত পড়ুয়ারা ন্যায় বিচার পায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন সহসাই বাইখোরা থানার এএসআই মরণ বৈদ্যর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রামরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ এবং বিজেপি নেতাদের অমানবিক আক্রমণের প্রতিবাদে শুক্রবার এন এস ইউ আই দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। পরে সংগঠনের নেতা আমির হোসেন জানান, শিক্ষকের দাবিতে আন্দোলনরত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের বর্বর লাঠিচার্জ এবং তথাকথিত নেতা মাফিয়াদের বর্বর আক্রমণের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ এবং বিজেপি গুন্ডাদের বর্বর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়, অপ্রত্যাশিত, ঘৃণ্য এবং খুবই দুর্ভাগ্যজনক। ছাত্রছাত্রীদের উপর এমন দমন-পীড়ন নীতি শাসকের স্বৈরাচারী মনোভাবকে প্রকাশ করছে।
এই ঘটনায় জড়িত যে অফিসারের নাম ছাত্র-ছাত্রীদের মুখ থেকে উঠে এসেছে সেই অফিসারকে অনতিবিলম্বে বরখাস্ত করতে হবে এবং রাজ্যের মানুষের কাছে পুলিশ প্রশাসনকে স্পষ্টিকরণ দিতে হবে কেন এবং কাদের নির্দেশে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে? পাশাপাশি বিজেপি দলের যেসকল মাফিয়া গুলো পুলিশের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের শারীরিকভাবে হেনস্থা করেছে, তাদের টানা হেচরা করেছে ঐ সকল মাফিয়াদের বিরুদ্ধে রাজ্য পুলিশকে মামলা নিয়ে গ্রেফতার করতে হবে বলে জানান। এদিকে টি এস এফ এর একটি প্রতিনিধি দল শুক্রবার বিদ্যালয়ে যান। বিকালের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন তারা। তারপর তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবী করেন।

