স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর : একদিকে প্রতিদিন সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে কৃষি মন্ত্রী দাবি করছেন বিশ্বমানের ফসল এবার রাজ্যে করতে চলেছে কৃষকরা। অপরদিকে রাজ্যের কৃষকদের হাল-হাকিকত নিয়ে সংবাদ মাধ্যমকে জানান দিচ্ছে সারা ভারত কৃষক সভা। যার ফলে রাজ্যের কৃষি বিপ্লব নিয়ে আঙ্গুল উঠতে শুরু করেছে। শনিবার সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, বর্তমান সময় রাজ্যে কৃষির প্রধান মরশুম।
কিন্তু দেখা যাচ্ছে এই সময়ে রাজ্যে তীব্র সারের সংকট চলছে। কৃষি মন্ত্রীর এলাকার খোঁজ নিয়ে দেখা যায় সরকারি ভাবে কিছু সার আসে। কৃষকদের বলা হয় পরিচয় পত্র নিয়ে বিএলও-র কাছে যাওয়ার জন্য। কিন্তু পরের দিন কৃষকরা গিয়ে দেখতে পায় সার নেই। অথচ বাজারে সেই সার ১৫ থেকে ২০ টাকা মূল্যে বিক্রয় হচ্ছে। বামুটিয়াতেও একই অবস্থা। সমগ্র রাজ্যে একই অবস্থা। দক্ষিন জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। সেখানেও সারের সংকট চলছে। তিব্র সারের সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হচ্ছে না। সারের সংকট নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। তারপরও সরকারের কোন হেলদোল নেই। তার পাশাপাশি কৃষকরা সরকারের কাছে ধান বিক্রয় করে এখনো টাকা পাচ্ছে না। এই নিয়েও সরকারের কোন হেলদোল নেই। সরকারের এই উদাসীনতার ভাঙার জন্য এবং কৃষকদের প্রকৃত সুযোগ সুবিধার জন্য দারি জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন দাস।

