স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট :কৈলাশহরে ফের রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক। শনিবার গভীর রাতে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মারধরের অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক মোঃ বিলাল আহমেদ বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ, এটিএম থেকে টাকা তুলে ফেরার পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে কাঠ ব্যবসায়ী মকদ্দুস আলী তাকে আটকে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই অভিযুক্ত তার কাছের টাকা নিয়ে পালায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। আহতের ভাই মুক্তার আহমেদ দাবি করেছেন, এটি পরিকল্পিত হামলা। তিনি অভিযুক্তের বিরুদ্ধে কৈলাশহর থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

