ওরডোস(চিন), ১২ জুলাই (হি.স.): শনিবার চিনের ওরডোসে অনুষ্ঠিত প্রথম এশিয়ান অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে ব্যক্তিগত সেরা টাইমিং করে রানার-আপ হয়ে প্রতিশ্রুতিশীল দূরপাল্লার দৌড়বিদ শিবাজি পরশুরাম তাঁর দ্বিতীয় রৌপ্য পদক জিতেছেন।
ডিসকাস থ্রোয়ার প্রিয়া এবং ৪০০ মিটার হার্ডলার শ্রাবণী সাঙ্গলে ব্রোঞ্জ পদক যোগ করার ফলে, তৃতীয় ও শেষ দিনের আগের দিনে ভারত আরও তিনটি পদক জিতে মোট পদক সংখ্যা ১১-তে নিয়ে গেছে।
উদ্বোধনী দিনে পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করার পর এটি ছিল শিবাজীর চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পদক।
কষ্টসাধ্য ২৫-ল্যাপের রেসের বেশিরভাগ সময় জুড়েই ভারতীয় প্রতিযোগীটি স্বর্ণপদকের লড়াইয়ে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ২৯:৩৩.৫৪ সময় নিয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে রৌপ্যপদক লাভ করেন।
জাপানের ইয়োশিহিরো কুসুওকা ২৯:২৯.৩৪ সময়ে স্বর্ণপদক এবং চিনের জিনঝি জিয়াং ২৯:৪২.৫৪ সময়ে ব্রোঞ্জপদক জিতেছেন।
ভারতের শৈলেশ কুশওয়াহা ৩০:৪৬.৭৮ সময়ে চতুর্থ স্থান অর্জন করে অল্পের জন্য পোডিয়াম থেকে বঞ্চিত হন।

