নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে শিক্ষা ব্যবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে, কটাক্ষ করে এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর আরও মন্তব্য, একবার তরুণদের চোখের দিকে তাকান। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, “প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে। তাঁদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে আমরা ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে।”
এরই প্রেক্ষিতে এক্স পোস্টে খাড়গে লেখেন, “আপনার শাসনমকালে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের কোনও ফাঁকা বুলি বা দায়সারা ঘোষণার প্রয়োজন নেই। আপনার সরকার তরুণদের ওপর লাঠিচার্জ করেছে, পেলেট গান ও শক ব্যাটন ব্যবহার করেছে এবং কোনও জবাবদিহিতার তোয়াক্কা না করে নির্বিচারে দমন-পীড়ন চালিয়েছে—যেন এরা আমাদের নিজেদের সন্তানই নয়। আপনার শীতাতপনিয়ন্ত্রিত অভিজাত গণ্ডি থেকে বেরিয়ে আসুন এবং সেইসব তরুণ-তরুণীর চোখের দিকে তাকান, যারা আপনার একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজপথে রক্ত ঝরিয়েছে। তরুণরা কেবল তিনটি সাধারণ দাবি পূরণ করতে চায়:
১) শিক্ষামন্ত্রী প্রধানকে অবিলম্বে বরখাস্ত করা।
২) দমনমূলক পদক্ষেপ ও নির্যাতনের জন্য ক্ষমা চাওয়া।
৩) যাদের আপনারা নিশানা বানিয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা।
খাড়গে আরও জানান, তরুণদের মধ্যে বেকারত্বের হার ২৯ শতাংশে (পিএলএফএস অনুযায়ী) পৌঁছেছে। বেসরকারি সেক্টরে কোনও চাকরি নেই, আর স্থায়ী সরকারি চাকরিও হাতেগোনা। চুক্তিভিত্তিক নিয়োগ এখন চরমে। সব পথই যেন বন্ধ।

