নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : আগামী ২৩ জুন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত দ্বিতীয় নাগরিক অলঙ্করণ অনুষ্ঠানে এই বছরের বাকি ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে, গত ২৫ মে প্রথম নাগরিক অলঙ্করণ অনুষ্ঠানে ৬৬ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছিলেন রাষ্ট্রপতি। যার মধ্যে ছিল ২টি পদ্মবিভূষণ, ৬টি পদ্মভূষণ এবং ৫৮টি পদ্মশ্রী পুরস্কার।
চলতি বছরে রাষ্ট্রপতি ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সহ মোট ১৩১টি পদ্ম পুরস্কারের অনুমোদন দিয়েছিলেন। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলি ঘোষণা করা হয়। শিল্পকলা, সমাজসেবা, জনকল্যাণ, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং সিভিল সার্ভিসের মতো বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ নাগরিক সম্মান দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য, অসাধারণ ও ব্যতিক্রমী কাজের জন্য ‘পদ্মবিভূষণ’, উচ্চমানের বিশিষ্ট সেবামূলক কাজের জন্য ‘পদ্মভূষণ’ এবং যেকোনো ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রদান করা হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানিত করার জন্য রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে চলেছে।

