স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ নভেম্বর : দিল্লি বিস্ফোরণের পরেই দেশজুড়ে শুরু হয়েছে তল্লাশি। এক তথ্য প্রযুক্তি কর্মীর গ্রেপ্তারির পরেই মহারাষ্ট্রের থানে এবং পুনেতে একযোগে তল্লাশি চালিয়েছে মহারাষ্ট্র এটিএস। ওই তথ্য প্রযুক্তি কর্মীর বিরুদ্ধে আল-কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
অক্টোবরের ২৭ তারিখে ৩৭ বছরের জুবের হাঙ্গারগেকারকে গ্রেপ্তার করে এটিএস। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল-কায়দার সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে মৌলবাদী কার্যকলাপের অভিযোগ তোলে এটিএস।
পুনতে ওই তথ্য প্রযুক্তি কর্মীর বাড়িতে তল্লাশি চালানোর সময়ে মোবাইল ফোন পাওয়া যায়। সেই ফোনে বেশ কিছু মুছে যাওয়া তথ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে আল-কায়দা সংক্রান্ত নথি এবং উর্দুতে ওসামা বিন লাদেনের ভাষণ। এর পাশাপাশি, ‘ইন্সপায়ার’ নামে একটি ম্যাগাজিনও পাওয়া যায়। সেখানে একে-৪৭-এর প্রশিক্ষণের ছবি এবং অ্যাসিটোন পারক্সাইড ব্যবহার করে আইইডি তৈরির পদ্ধতির বিস্তারিত বিবরণ রয়েছে। এটিএস এই মাসের শুরুতে পুনের একটি আদালতকে এই কথা জানিয়েছে।

