বাড়িবিশ্ব সংবাদনেপালের ২৩ জেলায় বন্যার আশঙ্কা, কাঠমান্ডুতেও জারি কমলা সতর্কতা

নেপালের ২৩ জেলায় বন্যার আশঙ্কা, কাঠমান্ডুতেও জারি কমলা সতর্কতা

কাঠমান্ডু, ১২ জুলাই (হি.স.) : নেপালের আবহাওয়া দফতর রবিবার দেশের ২৩টি জেলায় বন্যার আশঙ্কা প্রকাশ করেছে। একই সঙ্গে রাজধানী কাঠমান্ডুর জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রধান নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকায় বন্যা এবং আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে।

নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ কাঠমান্ডু, ভক্তপুর, ললিতপুর এবং কাভ্রেপালাঞ্চোক জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এর অর্থ, এই অঞ্চলগুলির নদীগুলির জলস্তর সতর্কতা সীমা অতিক্রম করতে পারে এবং বন্যার আশঙ্কা প্রবল।

এছাড়া পাঁচথর, তাপলেজুং, তেহ্রথুম, ধনকুটা, ভোজপুর, সোলুখুম্বু, সংখুয়াসভা, খোটাং, ওখলঢুঙ্গা, উদয়পুর, সিন্ধুলি, দোলখা, রামেছাপ, সিন্ধুপালচক, নুয়াকোট, রাসুয়া, ধাদিং, মাকওয়ানপুর, রৌতহাট-সহ পার্শ্ববর্তী জেলার নদীগুলির জলস্তরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে বিভাগ। এসব এলাকায় মাঝারি মাত্রার আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া ও বন্যা সংক্রান্ত সর্বশেষ সরকারি সতর্কবার্তার উপর নজর রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।

বন্যা সতর্কতা ব্যবস্থায় সবুজ (গ্রিন) সংকেতের অর্থ নদীর জলস্তর সতর্কতা সীমার নিচে এবং বন্যার ঝুঁকি কম। হলুদ (ইয়েলো) সংকেত জানায় যে জলস্তর সতর্কতা সীমার কাছাকাছি পৌঁছেছে এবং মাঝারি ঝুঁকি রয়েছে। কমলা (অরেঞ্জ) সতর্কতার অর্থ নদীর জলস্তর সতর্কতা সীমা অতিক্রম করেছে এবং বন্যার ঝুঁকি বেশি। আর লাল (রেড) সতর্কতা নির্দেশ করে যে জলস্তর বিপদসীমারও উপরে পৌঁছে গিয়েছে এবং গুরুতর বন্যার আশঙ্কা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য