Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

ভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১৬ সেপ্টেম্বর ।।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের আরেকটি কথিত মাদকবাহী নৌযানে আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী। নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে দাবি করেছেন তিনি। সোমবার তিনি জানান, এই আক্রমণে তিনজন নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটেছে। রয়টার্স লিখেছে, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী নৌযানের উপর আঘাত হানল। তবে এই নৌযানটিতে মাদক বহন করা হচ্ছিল, নিজের এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “আজ সকালে আমার আদেশে, মার্কিন সামরিক বাহিনী সাউথকম দায়িত্বের এলাকায় ইতিবাচকভাবে চিহ্নিত, অত্যন্ত সহিংস মাদক পাচারকারী অপরাধী চক্র এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে গতিময় আঘাত হেনেছে।

“এই অত্যন্ত সহিংস মাদক পাচারকারী চক্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের প্রতি একটি হুমকি।” যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হল দেশটির সামরিক বাহিনীর মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৩১ দেশকে পরিবেষ্টন করা যুদ্ধ কমান্ড। ট্রাম্পের পোস্টের সঙ্গে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও আছে, যেটির উপরে ‘আনক্লাসিফাইড’ মার্কিং করা। যেটিতে সাগরে থাকা একটি নৌযানে বিস্ফোরণ ঘটতে ও তারপর আগুন ধরে যেতে দেখা গেছে। সোমবার পরে ট্রাম্প বলেছেন, “আমাদের কাছে প্রমাণ আছে। আপনাদের যা করতে হবে তা হল সাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালপত্রগুলোর দিকে তাকান, কোকেন ও ফেন্টানাইলের বড় বড় থলি!” রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে একটি এআই টুল দিয়ে তারা ওই ভিডিওটি পরীক্ষা করেছে, কিন্তু ওই ভিডিওটি আংশিক ঝাপসা ছিল, এতে সেটিতে কোনো ম্যানিপুলেশন করা হয়েছে কি না নিশ্চিত করা অসম্ভব হয়ে গেছে।

তবে পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণ একটি চলমান প্রক্রিয়া হওয়ায় আরও তথ্য পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে রয়টার্স পর্যালোচনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। এই ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। দক্ষিণ ক্যারিবীয় সাগরে বড় ধরনের একটি সামরিক সমাবেশ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র, তার মধ্যেই সর্বশেষ এ আঘাত হানার ঘটনাটি ঘটল। শনিবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন পুয়ের্তো রিকো দ্বীপে পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান নামতে দেখা গেছে। এর আগে ট্রাম্প প্রসাশন ক্যারিবীয় অঞ্চলের সামরিক সমাবেশে স্টিলথ যুদ্ধবিমানগুলোর মধ্যে ১০টি মোতায়েনের নির্দেশ দিয়েছিল।

ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ মোতায়েন করা আছে। ট্রাম্প জানিয়েছেন, সন্দেহভাজন মাদক চোরাচালানিদের বিরুদ্ধে স্থলেও অভিযান চালানো হতে পারে।

তিনি বলেছেন, “তারা যখন স্থলপথে আসবে, আমরা নৌযানের মতো একইভাবে তাদের থামাবো। কিন্তু হয়তো একটু কথা বললে, এটা হবে না।” ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টা আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি যে সব ঘটনা ঘটছে তা মার্কিন ‘আগ্রাসন’ আর দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার প্রথম নৌযানটিতে যুক্তরাষ্ট্রের আঘাত হানার ঘটনাটি ঘটেছিল ২ সেপ্টেম্বর। মার্কিন আইনপ্রণেতারা এই আক্রমণের ন্যায্যতা প্রমাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো সত্ত্বেও ট্রাম্প প্রশাসন ওই ঘটনার বিষয়ে খুব অল্প তথ্য দিয়েছে। তারা দাবি করেছে, ওই নৌযানে ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া অপরাধী দলের সদস্যরা ছিল আর হামলার ১১ জন নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ওই নৌযানে কী ধরনের এবং কতো মাদক বহন করা হচ্ছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। এমনকী ওই হামলা চালাতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য