বাড়িবিশ্ব সংবাদঅভ্যুত্থান ষড়যন্ত্র: ব্রাজিলে বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

অভ্যুত্থান ষড়যন্ত্র: ব্রাজিলে বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির শীর্ষ আদালত। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই সুপ্রিম কোর্টের ৫ সদস্যের প্যানেল তার সাজা ঘোষণা করে।

২০২২ সালের নির্বাচনে বাম ঘরানার প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতায় থাকতে বোলসোনারো অভ্যুত্থান ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী বলে রায়ে বলে সুপ্রিম কোর্টের ওই প্যানেল। বিবিসি জানিয়েছে, ৫ সদস্যের প্যানেলের চারজনই বোলসোনারোকে দোষী সাব্যস্ত করেছেন, একজন ছিলেন সাবেক প্রেসিডেন্টকে খালাস দেওয়ার পক্ষে। বোলসোনারোর আইনজীবীরা এ সাজাকে ‘মাত্রাতিরিক্ত’ অভিহিত করে বলেছেন, তারা ‘যথোপযুক্ত আপিল’ জমা দেবেন।

সুপ্রিম কোর্টের প্যানেল বোলসোনারোকে ২০৩৩ সাল পর্যন্ত সংসদ বা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করেছে। বিচারের শেষ পর্বে বোলসোনারোকে সশরীরে আদালতে দেখা যায়নি। দেশ ছেড়ে যেতে পারেন এই আশঙ্কায় সাবেক এ প্রেসিডেন্টকে আগে থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছে। বোলসোনারো আগে বলেছিলেন, তাকে ২০২৬ সালের নির্বাচনে দাঁড়াতে সুযোগ না দিতেই এ ষড়যন্ত্রের মামলা হয়েছে। অভ্যুত্থান ষড়যন্ত্রের এ মামলা ছাড়াই অন্য অভিযোগে তার নির্বাচনে দাঁড়ানোর ওপর আগেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বোলসোনারো এসব অভিযোগকে ‘উইচ হান্ট’ অভিহিত করে আসছেন। তার এ কথার প্রতিধ্বনি শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মুখেও। বোলসোনারোর বিচারকে কারণ দেখিয়ে তিনি এরই মধ্যে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বোলসোনারোকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার পর তার প্রতিক্রিয়ায় ট্রাম্প একে ‘খুবই বিস্ময়কর’ আখ্যা দিয়ে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা দিয়েছেন। “তারা (ডেমোক্র্যাট) এভাবে আমারও বিচার করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি,” বলেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট ‘জাইর বোলসোনারোকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর রায় দিয়েছে’। এই ‘উইচ হান্টের যথাযথ প্রতিক্রিয়া’ দেখানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়ায় এক্সে লিখেছে, “ব্রাজিলের কর্তৃপক্ষকে আক্রমণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে বিবুতি দিয়েছেন তাতে রেকর্ডে থাকা তথ্যপ্রমাণ এবং অকাট্য সাক্ষ্যকে গণ্যই করা হয়নি। তার মতো এমন হুমকি আমাদের গণতন্ত্রকে ভয় দেখাতে পারবে না।” বয়স ৭০ হওয়ায় এই সাজা বাস্তবায়িত হলে বোলসোনারোকে হয়তো জীবনের বাকি সময়টা কারাগারেই কাটাতে হবে। তার আইনজীবীরা সাবেক এ প্রেসিডেন্টকে কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি রাখতে এবং সাজা কমাতে আবেদন জানাবেন বলেই মনে হচ্ছে। তারা বৃহস্পতিবারের রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও বলছেন। যদিও আইন বিশেষজ্ঞদের মতে এমন কোনো আপিল গৃহীত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ৫ বিচারকের মধ্যে দুইজন বোলসোনারোর খালাসের পক্ষে থাকলে এ ধরনের আপিল সম্ভব হতো, বলছেন তারা। বৃহস্পতিবার বোলসোনারো ৫টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, সবগুলো অভিযোগই ২০২২ সালের নির্বাচনে হারার পর ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টার সঙ্গে সম্পর্কিত।

তবে কৌঁসুলিরা বলছেন, তিনি ক্ষমতায় থেকে যাওয়ার চক্রান্ত শুরু করেন আরও আগে, সামরিক কমান্ডারদের অভ্যুত্থান ঘটানোর প্রস্তাব দেন এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়িয়েছেন। লুলা ও তার রানিংমেট এবং সুপ্রিম কোর্টের এক বিচারককে হত্যার চক্রান্তের বিষয়েও বোলসোনারো জানতেন বলে অভিযোগ কৌঁসুলিদের। সুপ্রিম কোর্টের প্যানেলের সিংহভাগ বিচারকই বোলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেন, তারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ আরও ৭ জনকেও দোষী সাব্যস্ত করেছেন। এদের মধ্যে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী, সাবেক গোয়েন্দা প্রধান এবং সাবেক নিরাপত্তা মন্ত্রীও আছেন।

তাদের ওই ষড়যন্ত্র সামরিক বাহিনীর ভেতর পর্যাপ্ত সমর্থন না পেলেও, বোলসোনারোর সমর্থকরা যে ২০২৩ সালের ৮ জানুয়ারি একাধিক সরকারি ভবনে হামলা চালিয়েছিল তার পথ করে দিয়েছিল, বলছেন বিচারকরা। পরে অবশ্য দ্রুতই পরিস্থিতি সামলে নেওয়া হয়, গ্রেপ্তার করা হয় দেড় হাজারের বেশি বোলসোনারো সমর্থককে। ওই ষড়যন্ত্র ব্রাজিলকে ‘স্বৈরতন্ত্রের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল’, রায় দেওয়ার সময় বলেছেন দুই বিচারক।

সুপ্রিম কোর্টের প্যানেলের মধ্যে কেবল বিচারক লুইজ ফক্সই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তাকে খালাস দেওয়ার পক্ষে ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য