স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে জনতার হাতে ধরা পড়ল এক প্রতারক। জানা যায়, অভিযুক্তের নাম মোহাম্মদ নুর আহমেদ। বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম বটরশী ৯ নং ওয়ার্ড এলাকায়। সে বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মানুষকে নানাভাবে ঠকিয়ে টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ, অবশেষে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ কদমতলা ব্লক এলাকার প্রেমতলা বাজারে তাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দোকান থেকে সামগ্রিক ক্রয় করে অনলাইনে টাকা দিচ্ছি বলে ভুল তথ্য দিয়ে কেটে পড়তো সে।
ঠিক একইভাবে এদিনও জৈনক এক অটো চালককে ঠকিয়ে শেষ রক্ষা হয়নি তার। মঙ্গলবার স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। এভাবে প্রতারণার ফাঁদে ফেলে অসংখ্য মানুষকে ঠকিয়েছে সে। তাছাড়া আরো জানা যায় কয়েক মাস পূর্বে কাঞ্চনপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছিল চাল ডাল দেবে বলে, কিন্তু পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পরে ওই ব্যক্তির তৎপরতা এবং পুলিশের সহযোগিতায় ধর্মনগর থানার পুলিশ থাকে আটক করেছিল। কিন্তু কিছুদিন পর সে আবার একই কায়দায় শুরু করেছে প্রতারণা। এদিকে চুরাইবাড়ি থানার পুলিশ জানিয়েছে সাধারণ মানুষের অভিযোগ মূলে তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করা হবে। পূর্বেও নাকি ওই প্রতারকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

