স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :দীর্ঘদিন ধরে ভগবাননগর ডলুছড়া এলাকায় রাস্তা সম্পূর্ণ ভেঙে চৌচির হয়ে আছে। কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। বারবার পঞ্চায়েত, বিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয় নি। বিশেষ করে এলাকার প্রধান নেহারুন বেগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। প্রধান নাকি এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে থাকেন না। এলাকার রাস্তার এতটাই বেহাল দশা, যে পানীয় জল সরবরাহকারী গাড়িও জাতীয় সড়ক থেকে গ্রামের ভিতরে প্রবেশ করতে পারে না।
ফলে স্বাস্থ্য বিধান ও পাণীয় জল দপ্তরের তরফে যে জল সরবরাহ করা হয় না। যার ফলে দিন দিন সমস্যা জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি রঞ্জন দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা শুনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। অবরোধ স্থলে আসা ডিসিএম জানান, রাস্তাটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যেই জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।

