স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুলাই : গত এক বছর আগে অ্যাক্সিস ব্যাঙ্ক আগরতলা শাখায় স্বর্ণালংকার রেখেছিলেন রানা দেবনাথ নামে এক গ্রাহক। রানা দেবনাথের বাড়ি রাজধানীর রেশম বাগান এলাকায়। তিনি ব্যাংকে ২০২.৮০০ গ্রাম সোনা দিয়ে লোন নিয়েছিলেন। বর্তমানে লোন এবং সুদ মিলিয়ে এখন নয় লক্ষ ২,৬০০ টাকা হয়েছে।
কিন্তু গত একমাস ধরে সেই স্বর্ণালংকার নিয়ে ঋণ পরিশোধ করে দিতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ স্বর্ণালংকার ফিরিয়ে দিচ্ছে না এবং উনার থেকে টাকা রাখতে চাইছেন না। তা নিয়ে গত বুধবার থেকে ব্যাংকে শুরু হয়েছে ঝামেলা। প্রথম অবস্থায় ব্যাংক ম্যানেজার কৌশিক কুন্ডু সিকিউরিটি গার্ড দিয়ে রানা বাবু এবং উনার বন্ধুদের ব্যাংকের ভেতর প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ। পরবর্তী সময়ে জোর করে ব্যাংকে প্রবেশ করেছিলেন রানা বাবু। তারপর রানা বাবুকে বৃহস্পতিবার ব্যাংকে আসার জন্য জানিয়ে দেন ব্যাংক ম্যানেজার। বৃহস্পতিবার ব্যাংকে আসার পর পুলিশের উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা হয় রানা বাবুর। কিন্তু স্বর্ণালংকার ফিরিয়ে দিতে চাননি ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত রানা দেবনাথ জানিয়েছেন, আইনের সহযোগিতা নেবেন তিনি। কারণ ব্যাংক কর্তৃপক্ষ উনার সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ। তিনি আরো জানান ব্যাংক কর্তৃপক্ষ ওনাকে কোনরকম চিঠি দেননি। ২০২৪ সালে ২৪ জুন অ্যাক্সিস ব্যাংকে স্বর্ণ রেখে লোন নিয়েছিলেন রানা দেবনাথ। পরবর্তী সময়ে স্বর্ণের প্যাকেট অডিট করে ধারণা করা হয় কিছু স্বর্ণে ঝামেলা রয়েছে। তারপর ব্যাংক কর্তৃপক্ষ রানা দেবনাথকে চিঠি দেন। জানতে চাওয়া হয়েছিল এই স্বর্ণ গুলি রানা দেবনাথ দিয়েছেন কিনা। তারপর রানা বাবু ব্যাংকে এসে দেখা করেননি। এক বছর পর তিনি টাকা নিয়ে এসে স্বর্ণ গুলি দাবি করছে। তখন ব্যাংক বলছে চিঠির পর কেন তিনি ব্যাংকে আসেননি। রানা বাবুর দাবি তিনি চিঠি পাননি। তিনি আরো দাবি করেন উনার অনুপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ স্বর্ণালংকার খুলতে পারেন না। এদিকে ঘটনার খবর পেয়ে ব্যাংকের ছুটে যান পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন দেখা বিষয় মামলা হওয়ার পর ঘটনার কি সুষ্ঠু তদন্ত হয়।

