স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গাতে মর্মান্তিক ভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হল মনমোহন সরকার নামে ৭৫ বছরের এক বৃদ্ধের। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক আটটা নাগাদ আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মনমোহন সরকারের।
তবে আশ্চর্যের হলেও সত্যি মৃতদেহ দীর্ঘ সময় রেল ট্র্যেকে পড়ে থাকলেও প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় রেল থানার পুলিশ। এইমাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছতে রেল পুলিশের এই দেরির পরিপ্রেক্ষিতে ক্ষতবিক্ষত মৃতদেহ রেল লাইনে পড়ে থাকে। পরবর্তী সময় আগরতলা গামী রেল আটকে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্তরের রেল যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও অনুমান করা যাচ্ছে নিজ বাড়িতে যাওয়ার পথে অসাবধানতা বসত রেলের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। পরে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ।

