স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই :করবুক মহকুমার অন্তর্গত নতুনবাজার উওর একছড়ি এলাকার রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিগত বছর জুলাই মাসে রাস্তার দাবিতে পথ অবরোধে শামিল হয়েছিল। রাজনৈতিক নেতাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে এলাকার মানুষ তাদের ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। তখন এলাকাবাসীদের আন্দোলন প্রশমিত করার জন্য করবুক মহকুমা শাসক লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে করবুক ব্লক এবং পূর্ত দফতরের যৌথ তত্ত্বাবধানে আগামী এক বছরের মধ্যে কার্পেটিং করে এলাকার রাস্তার সমস্যা সমাধান করা হবে। কিন্তু বারংবার শুধু সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় এলাকাবাসীদের।
যে কারণে সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি হলেই রাস্তার বেহাল অবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে করবুক উত্তর একছড়ি এডিসি ভিলেজের বাঙালি পাড়া, দাস পাড়া সহ বিস্তীর্ণ এলাকার কয়েক শতাধিক পরিবারকে। এমনকি নতুন বাজারের সাথে সংযোগ রক্ষাকারী গোমতী নদীর উপর অবস্থিত ঝুলন্ত সেতুটি মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে। এদিকে এলাকার এক সাধারণ নাগরিক জানান, আমরা সাধারণ নাগরিক। কথা বললে ভেজাল। এ বেহাল রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা কোন ফায়ার ইঞ্জিন আসতে পারবে না। গত কয়েক বছরে প্রায় পঞ্চাশ পরিবার এলাকা ছেড়ে অন্যথায় চলে গেছে বলে জানান। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করলেও স্থানীয় শাসকদলের নেতা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সকলের ভূমিকা যথেষ্ট প্রশ্নের মুখে।

