স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই : নেশা কারবারিতে একটা বড় অংশের মহিলা জড়িয়ে পড়েছে। সেটা রাজ্যের ক্ষেত্র হোক বা দেশের ক্ষেত্রে। কারণ প্রশাসনের দৃষ্টিভঙ্গি মহিলাদের দিকে কম থাকে। যার কারণে মহিলাদের কাজে লাগিয়ে নেশা পাচারে অন্যতম কৌশল খুঁজেছে নেশার কারবারিতে মাস্টারমাইন্ডেরা। বৃহস্পতিবার বিকেলে আগরতলা জিআরপি পুলিশ এবং আরপিএফ জোয়ানরা মিলে এক মহিলা নেশা কারবারিকে আটক করেছে। অভিযুক্ত মহিলা নেশা কারবারিকে আগরতলা রেলস্টেশন থেকে আটক করা হয়েছে।
মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে তিন কেজি ২৩০ গ্রাম শুকনো গাঁজা। মহিলা একটি ব্যাগের মধ্যে করে ১৫ প্যাকেট গাঁজা নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় পুলিশের। তখন মহিলা পুলিশ দ্বারা তল্লাশি চালাতেই উদ্ধার হয় শুকনো গাঁজা। আটক হওয়া শুকনো গাঁজার কালো বাজারি মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। ধৃত মহিলা গাঁজাগুলি গোয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মহিলার নাম শর্মিলা দেবী। বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

