স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ জুলাই : বন্যায় বিধ্বস্ত বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকা। বিশেষ করে ভারতচন্দ্র নগর ব্লকের প্রতিটা পঞ্চায়েত এখন বন্যা কবলিত। মুহুরি নদীর জল স্থানীয়দের বাড়ি ঘরে ঢুকতে প্রবেশ করেছে। এন এস সি নগর, এস বি সি নগর এবং সুকান্ত নগর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস বুধবার ব্লক কর্মীদের নিয়ে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন।
স্থানীয়দের দাবি বাংলাদেশে বাঁধ দেওয়ার ফলেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। জল ঢুকছে তাদের ঘরবাড়িতে। এদিকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত কর্মীরা জানিয়েছেন মঙ্গলবার রাত থেকেই এখানে জল বাড়তে শুরু করে। তারা নেমে পড়েন উদ্ধারকার্যে। ভারতচন্দ্র নগর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার প্রায় কুড়ি পরিবার বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে। উত্তর ভারত চন্দ্রনগর এবং পাইখলাতে ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ পরিষেবা।

