স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : ২০২২ সালে এস টি জি টি পরীক্ষায় বসা চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা বৃহস্পতিবার শিক্ষা ভবনে গিয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায়। তারা রাজ্য সরকারের কাছে দাবি জানায় অবিলম্বে তাদের নিয়োগ করার জন্য। তারা জানায়, ২০২২ সালে সেপ্টেম্বর মাসে তারা পরীক্ষায় বসে ছিল। এখন পর্যন্ত টিআরবিটি তাদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছে না।
কিন্তু এতে করে তারা হতাশায় ভুগছে। তাদের আরো বক্তব্য, আগামী কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে তাদের নিয়োগ প্রক্রিয়া আবারও স্থগিত রাখা হবে। তাই নিয়োগ প্রক্রিয়ার দ্রুত সম্পন্ন করার জন্য সরকার যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ করে তাহলে তারা উপকৃত হবে। এদিন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মার কাছে দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের বক্তব্য এখন পর্যন্ত বহুবার মন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছে। কিন্তু দেখা করার সুযোগ পায়নি তারা। তাই যতদিন না তাদের নিয়োগ করা হবে ততদিন তারা এভাবে আন্দোলন করে যাবে বলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

