স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বিলোনিয়া মহকুমার বড়পাথরী বাজারের দক্ষিণ অংশের দশটি দোকান। দমকলের দুটি ইঞ্জিন তিন ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত বুধবার রাত প্রায় আড়াইটা নাগাদ।
প্রথমে বিদ্যুৎ নিগমের কর্মীরা বাজারে আগুন দেখে স্থানীয়দেরকে খবর দেয় বলে জানা যায়। পরে স্থানীয়রা আগুন দেখে রাজনগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসতে হয়। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বাজারে ছিল রাবার, স্পেয়ার পার্টস, তেল, মোবিল, মোবাইল, জুয়েলারি দোকান সহ অন্যান্য দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়াবে বলে ধারণা। দোকান মালিকদের দাবি সরকার যাতে সহযোগিতা করে। এর আগেও বড়পাথরী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় বাজারে।

