স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি! গাছের সাথে বেঁধে মহিলাকে মারধরের অভিযোগ। জানা যায়, কৈলাশহর ভগবাননগর ডলুছড়া ৪ নং ওয়ার্ড এলাকায় মামা শ্বশুরের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে মারধর করে কৈলাশহর মহিলা থানার হাতে তুলে দিল এলাকার কতিপয় মহিলারা। ঘটনার বিবরণে জানা যায়, এক গৃহবধুর সঙ্গে উত্তম সরকার নামে এক যুবকের দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে।
এ বিষয় নিয়ে একাধিকবার সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের অভিযোগ উত্তম সরকার আগেও বিভিন্ন মহিলাদের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে সে আপত্তিকর অবস্থায়ও ধরা পড়ে। গৃহবধূর স্বামী এর প্রতিবাদ করতে গেলে উত্তম সরকার এবং তার এক বন্ধু মিলে নাকি বেধড়কভাবে মারধর করে। যার ফলে গৃহবধূর স্বামী গুরুতরভাবে আহত হয়, তারপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। ঘটনাস্থল থেকে উত্তম সরকার পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তী সময় গৃহবধূকে একটি গাছের সাথে বেঁধে রাখে উত্তেজিত জনতা। তারপর খবর দেওয়া হয় কৈলাশহর মহিলা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার পুলিশ। পুলিশ গিয়ে গৃহবধূকে ঘটনাস্থল থেকে আটক করে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসে। বর্তমানে গৃহবধূ ও উত্তম সরকারের বন্ধু কৈলাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

