স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ জানুয়ারি: এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে গত অগাস্ট থেকেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। আর গত ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে একই ধরনের চোট পেয়ে ছিটকে যান অস্ট্রিয়ার আলাবা।গুরুত্বপূর্ণ ওই দুই খেলোয়াড়কে হারিয়ে বড় দিনের আগে আনচেলত্তি নিজেই বলেছিলেন, জানুয়ারিতে নতুন খেলোয়াড় দলে আনার চেষ্টা করতে পারে তারা। তবে সেটা যে অন্তত ডিফেন্ডার হবে না, তা নিশ্চিত করে দিলেন কোচ।নতুন বছরের প্রথম ম্যাচে বুধবার লা লিগায় রেয়াল মায়োর্কার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। সম্প্রতি ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ বাড়ানো আনচেলত্তি এই ম্যাচের আগের দিন ডিফেন্ডার কেনার ভাবনা নেই বলে জানান।“এই মুহূর্তে, আরেক জন সেন্টার-ব্যাক দলে নেওয়ার বিষয়ে আমরা ভাবছি না।”“দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ঘাটতি আছে, তবে দলে আরও দুইজন আছে যাদের ওপর আমাদের বিশ্বাস আছে, নাচো (ফের্নান্দেস) ও (আন্টোনিও) রুডিগার। এছাড়া দুজন আছে, যারা এই পজিশনে খেলতে পারে, তারা হলো (অহেলিয়া) চুয়ামেনি ও (দানি) কারভাহাল। তাই, এই পজিশনে নতুন কাউকে দলে আনার বিষয়টি বিবেচনায় নেই।”আনচেলত্তির এই উত্তরের পর তাকে আবারও প্রশ্ন করা হয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কি-না। জবাবে তিনি আগের উত্তরটাই জোর দিয়ে বলেন।“আমি আবারও বলছি: হ্যাঁ, আমরা (নতুন ডিফেন্ডার) চুক্তিভুক্ত করব না।”

