স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : গত ২৩ মার্চ বিতর্কিত মোদি মন্তব্যের জন্য অপরাধ মূলক মানহানি-মামলায় সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় সুরাটের আদালত। যার জেরে সাংসদ পদ যায় কংগ্রেস নেতার। সুরাটের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা।
কিন্তু তাতেও সুরাহা মেলেনি। মোদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সারাদেশে আন্দোলনে নেমেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও চলছে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর গান্ধীঘাট স্থিত শহীদ বেদীর সামনে মৌন সত্যাগ্রহ কর্মসূচিতে বসে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফলাং সহ প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন গুলির নেতৃত্ব। এদিন সমালোচনা করে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, রাহুল গান্ধীর সদস্য পদ অনৈতিকভাবে বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার। কারণ রাহুল গান্ধী সংসদের ভেতর এবং সংসদের বাইরে বর্তমান সরকারের আমলে দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা জনসম্মুখে নিয়ে এসে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তাই দেশবাসীর স্বার্থে রাহুল গান্ধী যাতে কথা বলতে না পারেন তার জন্য থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বধীন সরকার।
কিন্তু এভাবে রাহুল গান্ধীকে দাবিয়ে রাখা যাবে না বলে জানান তিনি। বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারের সমালোচনা করে বলেন, দেশে একটা ফ্যাসিবাদী সরকার রাজত্ব করছে। এ সরকার দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবকটি গণতন্ত্রের স্তম্ভ গুঁড়িয়ে দিতে চাইছে। যার ফলে দেশের গণতন্ত্র আজ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে আওয়াজ তুলে লোকতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন রাহুল গান্ধী। এবং পার্লামেন্টে রাহুল গান্ধী দেশের মানুষের স্বার্থে প্রশ্ন তুলেছিলেন। উত্তর দিতে না পেরে ষড়যন্ত্রমূলকভাবে রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করেছে বর্তমান সরকার। এর বিরুদ্ধে আগামী দিন রাহুল গান্ধী সুপ্রিম কোর্ট থেকে বিচার পাবে বলে দেশবাসীর বিশ্বাস রয়েছে বলে জানান সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন দেশবাসীর বিশ্বাস রয়েছে ভারতবর্ষের গণতন্ত্র এত দুর্বল নয় যে ষড়যন্ত্রকারীদের কাছে পরাস্ত হবে। তাই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশা ব্যক্ত করলেন সুদীপ রায় বর্মন। গলায় প্লে কার্ড ঝুলিয়ে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রদেশ কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি চলে গান্ধীঘাট এলাকায়। উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থক।

