স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : রাজ্যে দিকে দিকে চলছে বিজেপি -র রাজনৈতিক সন্ত্রাস। চড়িলাম বাজারে বুধবার রাজনৈতিক খুন এবং বহু মানুষ জখম হয়েছে। সারা রাজ্যে এই অশান্তিকর পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি প্রদেশ তৃণমূল কংগ্রেস অফিস থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে, এবং মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে।
পুলিশ বাধা দিতে চাইলে রাস্তায় বসে পড়ে তারা। পুলিশের সাথে চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ব্যারিকেড দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি সুরক্ষিত রাখতে দৌড়ঝাঁপ শুরু করে। মিছিলে উপস্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব জানান, ঘরে ঘরে সুশাসনের নামে চলছে কুশাসন। এবং চলছে হত্যা। বিজেপি এভাবে আসন্ন নির্বাচনকে অশান্তির দিকে ঠেলে দিতে চাইছে। কিন্তু প্রতিদিন যেভাবে সন্ত্রাস গোটা রাজ্যে চলছে এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। কারণ তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন না। এভাবে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তুলেন বিজেপির বিরুদ্ধে। আরো বলেন চড়িলামের ঘটনার পর এখন পর্যন্ত কোন বিজেপি কর্মী গ্রেফতার হয় নি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এবং যদি রাজ্যের শান্তি-শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে না আনা হয় তাহলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ার দেন তিনি। এদিকে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব বন্দোপাধ্যায় জানান, সন্ত্রাস যদি বন্ধ না করা হয় তাহলে গোটা আগরতলা শহর স্তব্ধ করে দেওয়া হবে।

