কলকাতা, ৫ জুলাই (হি.স.): প্যারাগুয়ে চেয়েছিল লো-ব্লক ডিফেন্স করে ফ্রান্সকে আটকাতে। কিছুটা সফল হলেও শেষ পর্যন্ত পারল না। ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল চলে গেল ফ্রান্স। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে।
দেজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পায় ফ্রান্স।
আর এই গোলে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির ৭ গোলের রেকর্ডে ভাগ বসালেন এই ফরাসি তারকা। জমিয়ে তুললেন গোল্ডেন বুটের লড়াইও।
আর বিশ্বকাপে এমবাপের মোট গোল হলো ১৯টি, একটি বেশি নিয়ে তালিকার চূড়ায় আছেন মেসি।
এদিন ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরমে খেলার ছন্দপতন হলো কিছুটা। পিছিয়ে পড়ার পর, বাকিটা সময়জুড়ে শারীরিক ফুটবলে প্রতিপক্ষের স্বাভাবিক খেলাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করল প্যারাগুয়ে, আর এতে ম্যাচে কিছুটা উত্তাপ ছড়াল।
ম্যাচে তিন-চতুর্থাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছিল ফ্রান্স, আর প্যারাগুয়ের পাঁচ শটের একটিই লক্ষ্যে ছিল।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে খেলবে ফ্রান্স। গত আসরে আফ্রিকার এই দলকে হারিয়েই ফাইনালে উঠেছিল দেশোঁর দল।

