বাড়িরাজ্য২০০ পড়ুয়ার জন্য মাত্র একজন শিক্ষক! শিক্ষক সংকটে উত্তাল সাতসঙ্গম হাই স্কুল,...

২০০ পড়ুয়ার জন্য মাত্র একজন শিক্ষক! শিক্ষক সংকটে উত্তাল সাতসঙ্গম হাই স্কুল, গেটে তালা ঝুলিয়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে :  উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সাতসঙ্গম হাই স্কুলে ভয়াবহ শিক্ষক সংকটকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবিতে ক্ষোভে ফুঁসতে থাকা ছাত্রছাত্রীরা এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় এবং সংলগ্ন সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।

অভিযোগ, বিদ্যালয়ের মর্নিং সেকশনে প্রায় ২০০-রও বেশি ছাত্রছাত্রী থাকলেও বর্তমানে সেখানে রয়েছেন মাত্র একজন শিক্ষক-বিলাল মিয়া। ফলে একজন শিক্ষকের পক্ষে এত সংখ্যক পড়ুয়ার পাঠদান, তদারকি ও দৈনন্দিন দায়িত্ব সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।

স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,

একজন শিক্ষক কীভাবে ২০০-র বেশি ছাত্রছাত্রীকে সামলাবেন? তিনি কি পড়াবেন, নাকি বাচ্চাদের দেখভাল করবেন? বহুবার শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে শিক্ষক শূন্যতার কারণে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলের ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে কার্যত বঞ্চিত হচ্ছে, অথচ প্রশাসনের তরফে কার্যকর কোনও উদ্যোগ দেখা যায়নি।

এদিনের বিক্ষোভে ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দেয়, লিখিতভাবে শিক্ষক নিয়োগের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বৃষ্টির মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধ চলায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অবশেষে ঘটনার খবর পেয়ে দুপুর প্রায় ১২ টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান জেলা শিক্ষা দপ্তরের ডেপুটি আইএস অভিমুন্য মালাকার এবং ওএসডি সমীর দাস। তাঁরা আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পর বেলা আনুমানিক দেড়টা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে-শুধুমাত্র আশ্বাসেই কি মিটবে সীমান্তের এই বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক সংকট? নাকি আবারও প্রতিশ্রুতির আড়ালেই চাপা পড়ে যাবে পড়ুয়াদের ভবিষ্যৎ? এখন সেদিকেই তাকিয়ে সাতসঙ্গমের ছাত্রছাত্রী ও অভিভাবক মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য