বাড়িরাজ্যউন্নত স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ : মুখ্যমন্ত্রী

উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ : মুখ্যমন্ত্রী



আগরতলা, ১৩ মে (হি.স.) : স্বাস্থ্য পরিষেবাকে আরও মানবিক, কার্যকর ও উন্নত করতে নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীর সেবায় তাঁদের নিষ্ঠা, সহমর্মিতা এবং পেশাদারিত্বই স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। তাই স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করা রাজ্য সরকারের উন্নয়ন যাত্রায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দফতরের অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা, ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন প্রফেসর (ডাঃ) এইচপি শর্মা সহ স্বাস্থ্য ফতরের বহু আধিকারিক, চিকিৎসক এবং নার্সিং কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো সম্প্রসারণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে ৪৫০ আসনবিশিষ্ট মেডিকেল কলেজ চালু রয়েছে। পাশাপাশি আরও নতুন মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকাতেও একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সম্প্রসারণের ফলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে শুধু পরিকাঠামো গড়ে তুললেই হবে না, রোগীদের প্রতি মানবিক আচরণ, সহানুভূতি ও দায়িত্ববোধের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে হবে। এই ক্ষেত্রে নার্সদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি নার্সদের উদ্দেশ্যে বলেন, রোগীর পাশে দাঁড়িয়ে তাঁদের মানসিক শক্তি জোগানো এবং সঠিক সেবার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলার ক্ষেত্রে নার্সরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। তাই তাঁদের আরও যত্নবান, আন্তরিক এবং পেশাদার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক নার্সকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তাঁদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা।

আন্তর্জাতিক সেবিকা দিবসের এই অনুষ্ঠানে নার্সদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে তাঁদের নিষ্ঠা ও আত্মত্যাগের গুরুত্ব নতুন করে তুলে ধরা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য