Wednesday, March 11, 2026
বাড়িরাজ্যযুদ্ধের কোপে রান্নার গ্যাসের আকাল রাজ্যে! ভয়ংকর সংকটে কপালে চিন্তার ভাঁজ গৃহস্থের

যুদ্ধের কোপে রান্নার গ্যাসের আকাল রাজ্যে! ভয়ংকর সংকটে কপালে চিন্তার ভাঁজ গৃহস্থের

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১০ মার্চ :  মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দেশ। এর বাইরে নেই ত্রিপুরা রাজ্য। ইতিমধ্যে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্যাস এজেন্সি গুলির বাইরে। দেশজুড়ে রান্নার গ্যাস সরবরাহে ইতিমধ্যেই ঘাটতি দেখা দিচ্ছে। আগামী দিনে সংকট আরও গুরুতর হতে পারে অগ্রিম আশঙ্কা তৈরি হয়েছে সচেতন নাগরিক মহলের মধ্যে। এই পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় অতি প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন অর্থাৎ এসমা জারি করেছে কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করে সাফ বলে দেওয়া হল, এবার থেকে গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। সরকার আগেই জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইচ্ছামতো গ্যাস বুকিং করা যাবে না।

গত শুক্রবার প্রত্যেক গ্যাস এজেন্সির কাছে খবর আসে ২১ দিন অন্তর অন্তর গ্যাস বুক করা যাবে। মঙ্গলবার সেই নিয়মও বদলে বলা হয়েছে, গ্যাস বুকিং করতে হবে অন্তত ২৫ দিনের ব্যবধানে। এই নির্দেশিকা জারি হওয়ার সঙ্গে সঙ্গে আগরতলা শহরের বিভিন্ন গ্যাস এজেন্সি গুলির বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ২৫ দিন আগে গ্যাস বুকিং করা যাবে না। এক গ্যাস ডিলার জানান, রাজ্যে অত্যন্ত সীমিত পরিমাণে গ্যাসের সিলিন্ডার আসছে। যদিও প্রশাসনিকভাবে এখনো মুখ খোলা হয়নি। তবে এমনটাই সূত্রের খবর। কেন্দ্রের দাবি, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই বুকিং-সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। সব তেল কোম্পানিগুলিকে ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এলপিজি বা রান্নার গ্যাসের উৎপাদন চাঙ্গা রাখতে বলা হয়েছে।

এদিকে আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ় প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে ভারতে রান্নার গ্যাসের দাম বেড়েছে। সেই সঙ্গে টান পড়েছে জোগানেও। এই পরিস্থিতিতে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের ২০ শতাংশ হোটেল এবং রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক-সংগঠন ‘আহার’। দেশের আরও কয়েকটি শহরেও এমনটা ঘটতে পারে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এদিকে মঙ্গলবার সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়তেই গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যে। বিশেষ করে যাদের বাড়িতে সামাজিক অনুষ্ঠান রয়েছে তারা একেবারে বেকারদায় পড়েছে। শুধু তাই নয় বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। বাণিজ্যিক গ্যাসের সংকটে বহু রাস্তোরা কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে শুরু করেছে মালিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য