স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : পাহাড় দখলে এক ইঞ্চি মাটিও ছেড়ে দিতে নারাজ বিজেপি। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ২৮ টি আসনের জন্য রণকৌশল তৈরি করে ময়দানে নামতে প্রস্তুতি নিচ্ছে। সরকারে থাকা শরিক দলকে হাতের মুঠোতে করে দাঁতে দাঁত চেপে রণমূর্তির রূপ নিচ্ছে ভজপার শীর্ষ নেতৃত্ব। শনিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি মোর্চার নেতৃত্ব ও বিধায়ক মন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়।
এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে সামনে রেখে লড়াই করতে চলেছেন। আজকের বৈঠক সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান সামনে এডিসি নির্বাচনে দল কিভাবে কাজ করবে তার জন্য জনজাতি মোর্চার নেতৃত্ব নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি অগ্রিম মাঠে নেমে পড়েছে। এদিনের বৈঠকে জনজাতি মোর্চার নেতৃত্ব ও অফিস বেয়ারার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

