স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : বিয়ের পর সাধারণ ছোটখাটো কিছু সমস্যার কারণে সংসার ভেঙে যাচ্ছে তরুণ তরুণীদের। তাই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ত্রিপুরা মহিলা কমিশন এবং পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে প্রি-মেডিটাল কমিউনিকেশন সেন্টারের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ডঃ বিশাল কুমার, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা।
ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, বিয়ের পর কিছু সাধারণ বিষয়ের কারণে ছেলে মেয়েদের বৈবাহিক জীবন ভেঙ্গে যাচ্ছে। তাই যারা বিয়ে করবে তাদের জন্য এই সেন্টারের উদ্বোধন করা হয়েছে। তারা এই সেন্টারে আসলে বিয়ের পর যে সমস্ত ছোট খাটো সমস্যা গুলি সামনে আসতে পারে এবং সেগুলি কিভাবে সমাধান করবে সে বিষয়ে কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে। এতে করে ছেলেমেয়েরা অনেকটাই সংশোধন হবে বলে মনে করছেন তিনি।

