নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনের সভার চয়ন নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে উষ্মা প্রকাশ করেছেন, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সীমা অতিক্রম করেছে।
প্রধানমন্ত্রী মোদী শনিবার এক্স মাধ্যমে জানান, “এটা লজ্জাজনক এবং বেনজির। গণতন্ত্র এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী সকলেই হতাশ। রাষ্ট্রপতি জী, যিনি নিজেও একটি আদিবাসী সম্প্রদায়ের সন্তান, যে বেদনা ও যন্ত্রণা প্রকাশ করেছেন, তা ভারতের জনগণের মনে চরম দুঃখের সঞ্চার করেছে।”
প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে আরও জানান, “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অপমানের জন্য তাদের প্রশাসন দায়ী। এটাও সমানভাবে দুর্ভাগ্যজনক যে, সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতটা অবহেলা করে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের পবিত্রতা সর্বদা সম্মান করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে উন্নত বোধ বিরাজ করবে।”

